বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় হিল ভিডিপি সদস্যের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার আশারতলী সীমান্ত এলাকার মিয়ানমার সীমান্তসংলগ্ন ৪৬ ও ৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী একটি সেগুন বাগানে বিপুল পরিমাণ মাদক মজুত থাকার তথ্য পান আশারতলী বিজিবি ক্যাম্পে কর্মরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি প্লাটুন লিডার (পিএল) রহমান (ছদ্মনাম)। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ১১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করেন।
তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল হিল ভিডিপি সদস্যদের সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে সীমান্তঘেঁষা সেগুন বাগানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। পরবর্তীতে জব্দ করা মাদকের চালানটি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সর্বশেষ এ অভিযানে হিল ভিডিপি সদস্যের তথ্যই বিপুল পরিমাণ মাদক উদ্ধারে সহায়ক ভূমিকা রাখে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি ও আনসার-ভিডিপির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।