চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের লেনদেনের সুবিধার্থে রাজশাহী বিভাগের চার জেলায় আমবাজার এলাকার তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো শনিবার খোলা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে এই বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা), নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা), রাজশাহী এবং নাটোর জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ী আমের বাজার গড়ে উঠেছে।
এসব আমবাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখাগুলোতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকের শাখা-উপশাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
সার্কুলারে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা ও উপশাখা পরিচালনা করতে হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই বিশেষ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।