‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাহেদুল ইসলাম।
আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, প্রসবের সময়, খাবার তৈরি ও পরিবেশনের আগে এবং খাবার গ্রহণের আগে-পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে এ অভ্যাস পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি অবহেলা করলে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে শিশুরা বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও স্বাস্থ্যবিধি মেনে চলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের বিস্তার রোধ এবং সুস্থ সমাজ গঠনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।