পঞ্চগড়ে জমি দখল ও নৌকা চুরির অভিযোগ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ আগu ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
পঞ্চগড়ে জমি দখল ও নৌকা চুরির অভিযোগ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় জোরপূর্বক জমি দখল, বালু উত্তোলনের নৌকা চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।
 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দৈইখাতা গ্রামে ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাইফুল ইসলামের বাবা-মা, পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
 

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভোগদখলীয় জমিতে রোপা দেখতে গেলে একরামুল, সুমন, শামীম, মনিরসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় বোদা থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
 

সাইফুলের দাবি, মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, জামিন পাওয়ার পর আসামিরা কালিয়াগঞ্জ বাজারে মিষ্টি বিতরণ করে আনন্দ-উৎসব করেন।
 

তিনি বলেন, গত ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তাঁর বালু উত্তোলনের ছয়টি নৌকা নিয়ে যাওয়া হয়। পরদিন শ্রমিকদের সহায়তায় দুটি নৌকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি এখনও পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, নৌকাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।
 

সাইফুল আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করলে পরিবারের সবাইকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আবেদন জানায়।