সিলেট প্রতিনিধি:
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাবেক মেয়র ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক সরকারদলীয় হুইপ জি কে গউছসহ ৯ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজ নাইম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই বাজারে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ সময় সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। ঘটনার পর সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে বিভিন্ন সময়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে আসামিরা জামিনে মুক্ত ছিলেন।
গত এপ্রিলে মামলার চূড়ান্ত শুনানিতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী।