পটিয়ায় প্রবাসী সিরাজুল ইসলাম হত্যা মামলার দুই আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
পটিয়ায় প্রবাসী সিরাজুল ইসলাম হত্যা মামলার দুই আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী সিরাজুল ইসলাম (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গত ২৮ অক্টোবর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত সিরাজুল ইসলামের শ্যালক শেখ মোস্তান (৩৬) এবং সৎ ছেলে কাজী মো. শাহাবাজ হোসেন (২১)। তাঁরা দুজনই চট্টগ্রামের পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ রাত আনুমানিক দেড়টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকার ফোরক সওদাগরের বাড়িতে নিজ শয়নকক্ষে খুন হন প্রবাসী সিরাজুল ইসলাম।
 

এ ঘটনায় নিহতের শ্যালক শেখ মোস্তান, দ্বিতীয় স্ত্রী মোছাম্মৎ মিনহারা আক্তার ববি (৩৯), সৎ ছেলে কাজী মো. শাহাবাজ হোসেন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে ১৮ জুন পটিয়া থানায় মামলা নম্বর ২৩/২০২৬ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নথিভুক্ত করা হয়।
 

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় এসআরবি-১০, ঢাকার সহায়তায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।