ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন "বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব"-এর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য ও সার্বিক কার্যক্রম সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদ। এর আগে সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সার্বিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ, সহ-সভাপতি শাহানুর আলম খান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল। এছাড়া মুক্ত আলোচনায় নিজেদের গঠনমূলক মতামত তুলে ধরেন প্রচার সম্পাদক সাইফুল সরকার ও সদস্য রাশেদ মিয়া।
সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ তাঁর বক্তব্যে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়কে নান্দনিক রূপ দেওয়া এবং দ্রুত একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে জোর তাগিদ দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, "নতুন এই উপজেলায় সাংবাদিক হিসেবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধিত্ব করা এবং আমাদের হাত ধরেই একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাবের যাত্রা শুরু হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এ ঘটনাটি এই জনপদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আমাদের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ব অনেক বেশি। সেই বোধ থেকেই সকল সদস্যকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে।"
তিনি আরও বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
সভা শেষে স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য এবং বাঙ্গরা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।