সীতাকুণ্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর পরিচিতি ও মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৩:২৮ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
সীতাকুণ্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর পরিচিতি ও মতবিনিময় সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সোবহানবাগ এলাকায় প্রার্থীর নিজ বাড়ির আঙিনায় এ সভার আয়োজন করা হয়। অধ্যাপক নিজাম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাখাওয়াত হোসেন।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ তাহের। তিনি উপস্থিত ওয়ার্ডবাসীর সঙ্গে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে এলাকাবাসীর সমর্থন কামনা করেন।
 

সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ মো. আলী আকবর, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা তাওহিদুর হক চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক হেলাল উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ার আহম্মদ পিয়ারু, হাফেজ রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

সভায় বক্তারা বলেন, আব্দুল লতিফ সামাদ চৌধুরীকে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা এলাকাবাসী ও ভোটারদের কাছে তাঁর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন এবং বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।