বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদ দাবি করেছেন, রিয়েলিটি শো দ্য ট্রেইটর্স-এর প্রথম মৌসুমে বিজয়ী হওয়ার পর তিনি ধর্ষণ ও হত্যার হুমকিসহ ব্যাপক অনলাইন হয়রানির শিকার হয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি রিলে উরফি তার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও সেখানে উল্লেখ করেছিলেন, শো জয়ের পর থেকে তাকে লক্ষ্য করে ব্যাপক ট্রোলিং, গালাগাল এবং ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছে।
উরফির ভাষ্য, তিনি জীবনের সবচেয়ে ভয়াবহ ট্রোলিং ও হুমকির মুখোমুখি হয়েছেন। তার দাবি, কিছু ব্যক্তি তার ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ফোনে গালাগাল করেছে এবং ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, প্রকাশ্যে দেখা ট্রোলিংয়ের তুলনায় ব্যক্তিগতভাবে পাওয়া হুমকির মাত্রা আরও বেশি ছিল।
পোস্টে উরফি আরও উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে সক্রিয় অনেক নারীকেই একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তার মতে, নারীদের বিরুদ্ধে গালাগাল, ধর্ষণের হুমকি ও মৃত্যুর হুমকি যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় আন্তর্জাতিকভাবে জনপ্রিয় রিয়েলিটি শো দ্য ট্রেইটর্স-এর ভারতীয় সংস্করণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক করণ জোহর।
প্রথম মৌসুমে উরফি জাভেদ ও নিকিতা লুথার যৌথভাবে বিজয়ী হন। বিজয়ী হিসেবে তারা ৭০ লাখ ৫০ হাজার রুপি পুরস্কার ভাগ করে নেন। তবে শো জয়ের পর থেকেই উরফিকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্বেষমূলক মন্তব্যের মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে।
এদিকে, প্রথম মৌসুমের সাফল্যের পর নির্মাতারা ইতোমধ্যে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দিয়েছেন। নতুন আসরেও সঞ্চালকের দায়িত্বে থাকবেন করণ জোহর।