চাকরি দেওয়ার নামে প্রতারণা : সতর্ক থাকার আহ্বান এনবিআরের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুন ২০২৬ ০৩:১৬ অপরাহ্ণ   |   ১৪০ বার পঠিত
চাকরি দেওয়ার নামে প্রতারণা : সতর্ক থাকার আহ্বান এনবিআরের

আয়কর বিভাগে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই চক্র অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ চাকরিপ্রার্থীদের প্রতারণার চেষ্টা করছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

 

সোমবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি ও চক্র ভুয়া নিয়োগের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দাবি করছে—অর্থ দিলে চাকরি নিশ্চিত করা সম্ভব। এমনকি তারা কিছু ক্ষেত্রে ব্যর্থ প্রার্থীদের অর্থ ফেরত দেওয়ার কথা বললেও, মূল উদ্দেশ্য হলো ভুয়া আশ্বাসের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া।

 

এনবিআর আরও জানিয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে, যেখানে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

 

প্রতারণা এড়াতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, কোনো অবস্থাতেই চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের কোনও প্রতারণার তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ শাখায় জানাতে অনুরোধ করা হয়েছে।

 

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।