বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক, আলোচনায় লিসা-নোরা-কেটি পেরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক, আলোচনায় লিসা-নোরা-কেটি পেরি

বিনোদন ডেস্ক

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন ঘিরে ফুটবলের পাশাপাশি আলোচনায় এসেছে আন্তর্জাতিক তারকাদের ফ্যাশন ও স্টাইল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে কানাডার টরন্টো পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া জনপ্রিয় সংগীতশিল্পীরা পারফরম্যান্সের পাশাপাশি নজর কেড়েছেন নিজেদের আকর্ষণীয় উপস্থিতি ও পোশাকের মাধ্যমে।
 

এবারের আয়োজনে ফ্যাশন সচেতন দর্শকদের বিশেষ নজরে ছিলেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা এবং বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।
 

লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন কেটি পেরি। ঝলমলে রুপালি পোশাকে তাকে দেখা যায় ভিন্ন এক আবহে। পোশাকের আলোকিত নকশা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার আবেগঘন পরিবেশনাও প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে ১০ বছর বয়সী গায়ক টিউস লুকার সঙ্গে যৌথভাবে গান পরিবেশন করেন তিনি। পরিবেশনা শেষে শিশুশিল্পীকে আলিঙ্গন করলে দর্শকরা করতালিতে মুখর হয়ে ওঠেন।
 

অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনের বড় আয়োজনগুলোতে তারকারা প্রায়ই নতুন রূপে হাজির হলেও লিসা ছিলেন নিজের স্বকীয় স্টাইলেই। ফিঙ্গারলেস গ্লাভসসহ পরিচিত ফ্যাশনধারায় মঞ্চে ওঠেন ব্ল্যাকপিঙ্ক সদস্য। তার পুরো লুকেই ছিল দীর্ঘদিনের স্বাক্ষরধর্মী স্টাইলের ছাপ, যা ভক্তদের কাছে বরাবরই জনপ্রিয়।
 

কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে ফ্যাশন আলোচনার কেন্দ্রে ছিলেন নোরা ফাতেহি। সাহসী ও পরীক্ষামূলক ফ্যাশনের জন্য পরিচিত এই তারকা এবারও ব্যতিক্রম কিছু উপস্থাপন করেন। লাল রঙের স্পোর্টি পোশাকে মঞ্চে উপস্থিত হন তিনি। ক্রপড টপ, ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট ও স্নিকার্সের সমন্বয়ে তৈরি তার লুক ফুটবল উৎসবের আবহের সঙ্গে বেশ মানানসই ছিল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।
 

বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, সংগীত ও ফ্যাশনপ্রেমীদেরও একত্রিত করে। কেউ মাঠের লড়াই উপভোগ করতে আসেন, কেউ অপেক্ষায় থাকেন প্রিয় শিল্পীর পরিবেশনার জন্য, আবার অনেকে নজর রাখেন তারকাদের পোশাক ও স্টাইলের দিকে।
 

বিশ্বকাপজুড়ে ম্যাচ, গোল ও ফলাফল নিয়ে আলোচনা চললেও উদ্বোধনী মঞ্চে কেটি পেরির ঝলমলে উপস্থিতি, লিসার আত্মবিশ্বাসী স্বকীয়তা এবং নোরা ফাতেহির গ্ল্যামারাস লাল পোশাক ফ্যাশনপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।