দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ হিসাব অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসরণ করে গণনা করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে দেশের রিজার্ভে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ গণনা করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বিভিন্ন দায় বা ঋণ বিয়োগ করে এই নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব বের করা হয়, যা দেশের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা নির্দেশ করে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণেই রিজার্ভের এই ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।