মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ   |   ১১০ বার পঠিত
মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি

মিজানুর রহমান খান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা:

 

 

কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে এক সাবেক ইউপি সদস্যের (মেম্বার) বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ সর্বস্ব ভস্মীভূত হয়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

 

গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের সাবেক মেম্বার ফিরোজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত ফিরোজ মেম্বারের বসতঘর লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, খাদ্যশস্য (ধান-চাল) ও নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী সাবেক মেম্বার ফিরোজ বলেন, "রাতের আঁধারে কে বা কারা আমার পুরো বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের শিখায় আমার শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেল। আমি পরিবার-পরিজন নিয়ে এখন একেবারে নিঃস্ব।"

 

নৃশংস এই অগ্নিসংযোগের ঘটনায় উত্তর পেন্নাই গ্রামসহ পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

বিষয়টি বাঙ্গরা বাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।