বাসস
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগও পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ না করে অসহায় ও অবলা প্রাণীদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ একটি মানবিক সমাজের পরিচায়ক।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ছে, পড়াশোনা কেমন চলছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন তিনি।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে এসেছিল। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন। অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। পরে তারা প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।